অদৃশ্য শত্রু করোনাভাইরাসের থাবায় কাঁপছে সারা দেশে। জীবন রক্ষার জন্য ধর্মীয় অনুশাসন, বৈজ্ঞানিক নির্দেশনা, স্বাস্থ্যবিধি মেনে চলা, হোম কোয়ারেন্টিন, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন, আইসোলেশন, লকডাউন, সামাজিক দূরত্ব মেনে চলার যেন শেষ নাই। তার পরও মানুষ রয়েছে জীবন ঝুঁকিতে। এ অবস্থায় সেবা প্রদানকারী যোদ্ধাদের কাতারে রয়েছেন বোরাহাট পল্লী বিদ্যুৎ বিভাগের সদস্যরা। তারা ঘরে বন্দী মানুষদের বিদ্যুৎ সেবা দিয়ে যাচ্ছেন নিরবচ্ছিন্ন।
কয়েক দিন আগে ইফতারের আগ মুহূর্তে বৃষ্টি আর ঝড়। বিদ্যুৎ চলে গেছে। কিছুক্ষণের মধ্যে ইফতার। এ দিকে করোনা বন্দী মানুষ অন্য দিকে মুসলমানদের পবিত্র ইফতার। নিজেদের কথা চিন্তা না করে মানবসেবায় ভোলাহাট সাব অফিসের আলোর গেরিলা বাহিনীর নেতা সহকারী জেনারেল ম্যানেজার রুহুল আমিনের কথামতো ঝড়বৃষ্টিতে ভিজে বিদ্যুৎ সচল করতে ক্ষতিগ্রস্ত লাইন চিহ্নিত করে ইফতারের পূর্বে বৈদ্যুতিক সেবা দিলেন মানুষকে। ভোলাহাট পল্লী বিদ্যুৎ সাব জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার রুহুল আমিন জানান, করোনার ভয়াবহতা আর পবিত্র রমজান মাসে ভোলাহাটে আলোর গেরিলা টিমের মাধ্যমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা অব্যাহত রাখা হয়েছে। ভয়কে ভয় পাই না পল্লী বিদ্যুতের যোদ্ধারা। তিনি বলেন, বিদ্যুৎ না থাকলে ঘরবন্দী ও রমজান মাসে মানুষের অসুস্থতা আরো বেড়ে যেতে পারে। জীবনে সবটুকু দিয়ে সঙ্কট মোকাবেলা করতে প্রস্তুত আছেন তার আলোর গেরিলা টিম বলে তিনি জানান।