জয়পুরহাটের পাঁচবিবিতে একটি আখক্ষেত থেকে মো: তমিজুল ইসলাম (৪৬) নামে এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার বালিঘাটা ইউনিয়নের বীরনগর গ্রামের একটি আখক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত তমিজুল ইসলাম উপজেলার আটুল চারমাথা গ্রামের মরহুম আব্দুর রউফের ছেলে।

স্থানীয় সূত্র ও বালিঘাটা ইউনিয়নের বিচারিক দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদুল ইসলাম জানান, সকালে স্থানীয় লোকজন মাঠে কাজ করতে যাওয়ার সময় বীরনগর-আটুল সড়কের পূর্ব পাশে রতন সিংয়ের আখক্ষেতে তমিজুল ইসলামের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন। এ সময় তাদের ডাকে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। খবর ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।

পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পাঁচবিবি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

পাঁচবিবি থানার তদন্ত অফিসার মোখলেছুর রহমান বলেন, ঘটনাটি উদ্ঘাটনে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।