‘১৫ আগস্টকে কেন্দ্র করে ফ্যাসিস্ট শক্তি আবারো সরগরম। ইতোমধ্যেই তারা আমাদের আনাচে-কানাচে ঢুকে গেছে। দেশের সবাইকে এ ব্যাপারে সজাগ থাকতে হবে। দেশে আরেকটা রক্তপাতের সূচনা করতে চায় ফ্যাসিস্ট হাসিনা।’
শনিবার (২৬ জুলাই) বিকেলে ফরিদপুরের সদরপুরের আকোটের চরের শিকদার বাড়ির প্রাঙ্গণে আয়োজিত রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা বাস্তবায়নবিষয়ক এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
দলের নেতাকর্মীদের উদ্দেশ করে বক্তারা বলেন, ‘আওয়ামী লীগের লোকদের নিয়ে মিছিল করার আগে সতর্ক হবেন। আমাকে বা আপনাকে কিন্তু লাইসেন্স দেয়া হয় নাই যে, আপনি আওয়ামী লীগকে পুনর্বাসন করেন। ৫ আগস্টের পর দেশ নিয়ে নানা ষড়যন্ত্র চলছে। তবে তারেক রহমানের বিচক্ষণ নেতৃত্বের কারণে কোনো ষড়যন্ত্রই সফল হতে পারবে না, ইনশাআল্লাহ। এ দেশে অবশ্যই জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা হবে। আপনারা সকলে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবেন।’
আকোটেরচর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান চোকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক শাহজাদা মিয়া। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট আলী আশরাফ নান্নু।
সভায় আরো বক্তব্য দেন সদরপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাহালুল মাতুব্বার, যুগ্ম আহ্বায়ক বাবলু হোসেন বাবুল, জেলা বিএনপির সাবেক যুববিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম মনির, সদরপুর উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক শাহরিয়ার আল সুমন প্রমুখ।
এ সময় বিএনপি নেতা মাসুম দেওয়ান ও বি এম রায়হানসহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় জুলাই গণঅভ্যুত্থানে নিহত বীর শহীদদের রুহের মাগফিরাত কামনা এবং সম্প্রতি বিমান বিধ্বস্ত হয়ে নিহত স্কুলের কোমলমতি শিশুসহ অন্যদের রুহের মাগফিরাত কামনা ও আহত শিশুদের সুস্থতার জন্য বিশেষ দোয়া করা হয়। মোনাজাত পরিচালনা করেন বিএনপি নেতা শাহজাদা মিয়া। এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ও দেশে শান্তি ও স্থিতিশীলতা জন্যও দোয়া করা হয়।






