পবিত্র রমজান উপলক্ষ্যে মাসব্যাপী দুই গ্রামের মানুষকে ত্রাণ সহায়তা দিচ্ছেন সিরাজগঞ্জের কাজিপুরের পরানপুর গ্রামের চালকল ব্যবসায়ী আব্দুর রাজ্জাক। মঙ্গলবার দুপুরে দ্বিতীয় পর্যায়ে পরানপুর ও রশিকপুর গ্রামের একশ’ বিশ পরিবারের মাঝে চাল, ডাল, তেল, লবণ, আলু, আটা ও পেঁয়াজ বিতরণ কাজের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।
এসময় তিনি অসহায়দের সাহায্যার্থে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, পবিত্র রমজানে নিজ ঘরে থেকে করোনার বিপদকে মোকাবেলা করুন। নিজে সুস্থ থাকুন, অন্যকে সুস্থ রাখুন।
এসময় উপস্থিত ছিলেন, কাজিপুর উপজেলা ভাইস চেয়ারম্যান দীন মোহাম্মদ বাবলু, সোনামুখী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহজাহান আলী খান, বিশিষ্ট নাট্যকার ও লেখক সাজিদ সাজ্জাদ, কৃষকলীগ সভাপতি শাহ আলম প্রমূখ। প্রতি সাতদিন পর পর এই সহায়তা প্রদান করা হচ্ছে বলে জানা গেছে।



