কুড়িগ্রাম সদরের কাঁঠালবাড়ী ইউনিয়নের চৌরাস্তায় ত্রাণের দাবিতে গাছের গুঁড়ি ফেলে কুড়িগ্রাম-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয়রা। এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই ইউনিয়নের চেয়ারম্যানকে নিয়ে বিক্ষোভকারীদের খাদ্যসহায়তার বিষয়ে আশ্বস্ত করতে গেলে তারা তাদের উপর চড়াও হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি ভাঙচুর করে।
শনিবার সকাল থেকে চার শতাধিক নারী-পুরুষ বিক্ষোভে অংশগ্রহণ করে। এ সময় সড়কে সকল ধরনের যানচলাচল বন্ধ হয়ে যায়।
এ বিষয়ে কাঁঠালবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেদওয়ানুল হক দুলাল জানান, সরকারি বরাদ্দকৃত খাদ্যসহায়তা ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে বিতরণ করার পরও মহিলা সদস্য মর্জিনা বেগম তার এলাকার লোকজন দিয়ে এ অবরোধ করিয়েছেন।
সদর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ময়নুল ইসলাম বলেন, অবরোধের বিষয়টি জানার পর জনগণের সাথে কথা বলতে গেলে আমার উপর চড়াও হয়ে গাড়িতে হামলা করে। এতে গাড়ির গ্লাস ভেঙে যায়।