কক্সবাজারের উখিয়ার কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে ৩৬২টি রোহিঙ্গাদের ঘর ও ৬০টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। বেলা ১১টার নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুন নেভাতে গিয়ে ১০ জন রোহিঙ্গা আহত হয়েছেন।
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে জানানো হয়েছে, গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে। দুই ঘণ্টায় আগুনে পুড়ে ৩৬২টি ঘর ও ৬০টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে। আহত হয়ছেন ১০ জন।
ফায়ার সার্ভিস ও স্থানীয়দের বরাত দিয়ে উখিয়া উপজেলা নির্বাহী অফিসার নিকারুজ্জামান বলেন, মঙ্গলবার সকালে উখিয়ার কুতুপালংয়ের লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে মুহূর্তের মধ্যে স্থানীয় স্টেশনের দোকানপাট ও আশপাশের বসতঘরে ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে উখিয়ার ফায়ার সার্ভিস স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
আগুন নেভাতে গিয়ে ১০ জন রোহিঙ্গা আহত হয়েছেন। আহতদের রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের জন্য জরুরি ব্যবস্থা নেয়া হচ্ছে।



