ছুটি শেষে পাবনা থেকে খাগড়াছড়িতে আসা পুলিশের এক এসআইসহ তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত খাগড়াছড়ি জেলায় মোট আক্রান্তের সংখ্যা চারজন হলেও একজনকে ইতোমধ্যে করোনামুক্ত ঘোষণা দিয়েছে স্বাস্থ্য বিভাগ।
বুধবার রাতে প্রাপ্ত চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিমেলস সায়েন্স ইউনিভার্সিটির পরীক্ষাগারের ফলাফলে খাগড়াছড়ি সদরের কোয়ারেন্টাইনে থাকা এক পুলিশ সদস্য ও মহালছড়ি উপজেলায় কোয়ারেন্টাইনে থাকা দুই ব্যক্তির করোনা পজেটিভ এসেছে বলে জানান খাগড়াছড়ির সিভিল সার্জন ডা: নুুপুর কান্তি দাশ।
তিনি আরো জানান, তাদের কারো শরীরে এখনো কোনো উপসর্গ নেই। তাদের কাছ থেকে দ্বিতীয় দফায় নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে।
উল্লেখ্য, গত ২৯ এপ্রিল খাগড়াছড়ি জেলার দীঘিনালার এক ব্যক্তির শরীরে প্রথম করোনা শনাক্ত হয়। ২ মে ও ৮ মে দ্বিতীয় ও তৃতীয় দফা নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এলে ৯ মে তাকে করোনামুক্ত ঘোষণা দেয় স্বাস্থ্য বিভাগ।



