করোনাভাইরাস প্রতিরোধে নড়াইলবাসীর স্বাস্থ্য সুরক্ষা ও মৃত্যুঝুঁকির কথা বিবেচনা করে আজ শুক্রবার থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সব ধরনের দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এছাড়া নড়াইল সদর, লোহাগড়া ও কালিয়া উপজেলার বিভিন্ন এলাকায় প্রশাসনের পক্ষ থেকে এ সংক্রান্ত মাইকিং করা হয়েছে।

এ ব্যাপারে করোনাভাইরাস প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক আনজুমান আরা বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দোকান, কাঁচাবাজার, কৃষিপণ্য এবং ওষুধের দোকানসহ জরুরি পরিষেবা ব্যতীত সব ধরনের দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। শুক্রবার সকাল থেকে এ নির্দেশ কার্যকর। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ নিয়ম সবাইকে মেনে চলতে হবে।

গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পবিত্র রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করে সরকার প্রদত্ত শর্তসমূহ পালন সাপেক্ষে দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও অন্যান্য বাজার খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়। কিন্তু গত চার দিন মার্কেট ও শপিংমলসমূহে সরেজমিন পরিদর্শনে প্রতীয়মান হয়েছে, মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠানে আগত ক্রেতা-বিক্রেতা সরকার প্রদত্ত শর্তসমূহের ন্যূনতম ৯০ ভাগ মেনে চলার বিষয়ে সম্পূর্ণ অবহেলা করেছেন।

এ পরিস্থিতিতে নড়াইলবাসীর স্বাস্থ্য সুরক্ষা ও মৃত্যুঝুঁকির কথা বিবেচনা করে জেলার সবমহলের অনুরোধক্রমে করোনাভাইরাস প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক করোনা সংক্রমণ প্রতিরোধে ১৫ মে শুক্রবার থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সব ধরনের দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করা হলো।