ঢাকা ও বিভিন্ন জেলা থেকে পাটুরিয়া-আরিচা ঘাটমুখে আসা যাত্রীদেরকে পুনরায় ফেরৎ পাঠাচ্ছেন পুলিশ। মঙ্গলবার শিবালয় থানা পুলিশের নিজস্ব অর্থয়নে বাস ভাড়ায় দুইশতাধিক যাত্রীকে রাজধানী মুখে ফিরিয়ে দেয়া হয়। এছাড়া, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলমুখী জনস্রোত থামাতে পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
জানাগেছে, করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকারী নির্দেশ মোতাবেক এবারের ঈদে রাজধানী থেকে কেউ-আউট বা ইন হতে পারবে না। এমন সিদ্ধান্তের পর রাজধানীর প্রতিটি প্রবেশমুখে পুলিশ তল্লাশী চকি বসিয়েছে। বিশেষকরে রাজধানীর অন্যতম প্রবেশদ্বার হিসেবে পরিচিত ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পুলিশের চেক পোষ্ট এড়িয়ে লোকজন ভিন্ন পথে ছোট-ছোট যানবাহনকরে আরিচা ও পাটুরিয়া ঘাটে এসে জড়ো হয়। প্রশাসনের কঠোর নজরদারীতে নদীতে ফেরি-নৌকা চলাচল বন্ধ থাকায় ঘাটে আসা এসকল যাত্রীরা পড়ে বিপাকে। পাটুরিয়া ও আরিচা ঘাটে বিপাকে পড়া এমন অসংখ্য যাত্রীদেরকে পুলিশ নিজস্ব অর্থে গাড়ী করে উল্টো পথে ফেরৎ দেয়।
সহকারী পুলিশ সুপার শিবালয় সার্কেল তানিয়া সুলতানা সাংবাদিকদের জানান, আইজিপি মহোদয়ের নির্দেশনায় প্রাথমিকভাবে বিপাকে পড়া এসকল যাত্রীদেরকে থানা পুলিশের সহায়তায় উল্টো পথে পাঠিয়ে দেয়া হয়। নদীতে অবৈধ ভাবে যাত্রী বহনের দায়ে টহল পুলিশ কয়েকটি নৌকা তলিয়ে দিয়েছে। প্রয়োজনে নির্দেশ অমান্যকারীদের জেল-জরিমানার আওতায় আনা হবে।
এদিকে, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলমুখী জনস্রোত থামাতে পাটুরিয়া রুটের ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছেন কর্তৃপক্ষ। মঙ্গলবার সকাল থেকে এরুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হলেও রোগীবাহী এ্যামবুলেন্সসহ জরুরী যান পারাপারে ছোট দু’টি ফেরি চালু রাখা হয়েছে।



