পবিত্র রমজান উপলক্ষ্যে মাসব্যাপী চার গ্রামের মানুষকে ত্রাণ সহায়তা দিচ্ছেন সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা চালকল ব্যবসায়ী আব্দুর রাজ্জাক। ঈদ উপলক্ষ্যে চতুর্থ পর্যায়ে পরানপুর, রশিকপুর, স্থলবাড়ি ও হরিনাথপুর গ্রামের একশ চুয়ান্ন পরিবারের মাঝে চাল, লবণ, লাচ্চা সেমাই, চিনি, আলু বিতরণ করা হয়। সেই সাথে ৫২ জন দুস্থ মানুষর মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়।
রোববার বিকেল তিনটায় বিতরণ কাজের উদ্বোধন করেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী। এ সময় তিনি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়ে বলেন, ‘পবিত্র রমজানে নিজঘরে থেকে করোনার বিপদকে মোকাবেলা করুন। নিজে সুস্থ থাকুন, অন্যকে সুস্থ রাখুন।’
ত্রাণ সামগ্রী বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক উজ্জ্বল কুমার ভৌমিক, সোনামুখী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহজাহান আলী খান, বিশিষ্ট নাট্যকার ও লেখক সাজিদ সাজ্জাদ, কৃষকলীগ সভাপতি শাহ আলম, সমাজসেবক শাহাদত হোসেন প্রমুখ।



