কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে বাংলাদেশী এক ব্যক্তি আহত হয়েছেন। এ ঘটনায় কড়া প্রতিবাদ জানিয়েছে বিজিবি। ঘটনাটি ঘটে গত রোববার রাত সাড়ে ৯টায় উপজেলার অনন্তপুর সীমান্তে।
বিজিবি ও স্থানীয়রা জানান, ওই রাতে ৯৪৫ নম্বর আন্তর্জাতিক মেইন পিলারের সন্নিকটে উভয় দেশের চোরা কারবারিরা মাদক ও গরু পাচারের চেষ্টা করে। এ সময় নোম্যান্স ল্যান্ডে তাদের লক্ষ্য করে ভারতের ১৯২ ব্যাটালিয়নের ক্ষেতাবেরকুুট ক্যাম্পের টহলরত বিএসএফের সদস্যরা এক রাউন্ড গুলি ছোড়ে। এতে বাংলাদেশী সাইদুল ইসলাম (৪৩) নামের এক যুবক বাম হাতের বাহুতে গুলি লেগে আহত হন। অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। আহত সাইদুল ইসলাম অনন্তপুর বালাটারী গ্রামের আবদুস সামাদের ছেলে। তাকে রাতেই রংপুর চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। এদিকে খবর পেয়ে গতকাল প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দেয় বিজিবি। ওই চিঠির পরিপ্রেক্ষিতে অনন্তপুর সীমান্তে কোম্পানি পর্যায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ভারতের ক্ষেতাবেরকুুট ক্যাম্পের ইন্সপেক্টর রাজেন্দ্র যোসি ও অনন্তপুর ক্যাম্পের নায়েক সুবেদা জহুরুল ইসলাম নেতৃত্ব দেন।