ঢাকায় করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া নয়ন মিয়ার (৫৩) দাফন টাঙ্গাইলের দেলদুয়ারে সম্পন্ন হয়েছে। শনিবার রাতে তার নামাজে জানাজা ও দাফন সম্পন্ন করেন স্বেচ্ছাসেবী সংগঠন আল ইহসান যুব পরিষদ ও ইসলামিক ফাউন্ডেশনের সদস্যরা।
জানা যায়, উপজেলার এলাসিন ইউনিয়নের সানবাড়ী গ্রামের নয়ন মিয়া গত শনিবার করোনায় আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে তার লাশ গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। লাশ দাফন করার জন্য উপজেলা প্রশাসনকে জানানো হলে ইসলামিক ফাউন্ডেশন ও আল ইহসান যুব পরিষদ টিমকে দাফন করার দায়িত্ব দেয়া হয়। পরে রাত সাড়ে ৯টায় নামাজে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়।
দাফনকাজে অংশগ্রহণ করেন আল ইহসান পরিষদের সহসভাপতি মুফতি আব্দুল কাদের মাহমুদ, সাধারণ সম্পাদক মুফতি আসাদুল্লাহ খান, সাংগঠনিক সম্পাদক ও সাংবাদিক এম তারিকুল ইসলাম তাহের।
দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মিনহাজ উদ্দিন মিয়া বলেন, ঢাকায় নয়ন মিয়ার করোনা পজিটিভ পাওয়া যায় এবং তিনি মারা যান। এখন তাকে দেলদুয়ারের তালিকায় মৃত হিসেবে দেখানো হবে।