করোনায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. এম এ জলিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৮৬। তিনি করোনা আক্রান্ত হয়ে বেশ কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন। তিনি মাগুরার শ্রীপুর উপজেলার বরিষাট গ্রামে ১৯৩৪ সালে জন্মগ্রহণ করেন। তাকে শ্রীপুর উপজেলার বরিষাট গ্রামে দাফন করা হবে।
ড. এম এ জলিল ১৯৮০ সালে অর্থনীতিতে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। তিনি রংপুর কারমাইকেল কলেজসহ বিভিন্ন সরকারি কলেজে অধ্যাপনা করেন। এ ছাড়াও তিনি পিএটিসির পরিচালক ও নায়েমের ডিজি হিসেবে দায়িত্ব পালন করেন। সরকারি চাকরি থেকে অবসর গ্রহণের পর তিনি প্রাইম ইউনিভার্সিটি ডিনসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। তিনি বিভিন্ন গবেষণাধর্মী লেখালেখি করতেন। ঢাকার মাগুরা জেলা সমিতি গঠনে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। বাংলাদেশ অর্থনীতি সমিতি, মাগুরা জেলা সমিতিসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন প্রফেসর ড. এম এ জলিল।