ময়মনসিংহের গফরগাঁওয়ে টেকনোলজিস্টের অভাবে করোনা পরীক্ষার জন্য গত পাঁচ দিন যাবত নমুনা সংগ্রহ বন্ধ রয়েছে।

এর ফলে গফরগাঁওয়ে ঠিক কী পরিমাণ করোনা রোগী রয়েছে তার সঠিক তথ্য উঠে আসছে না। নানা উপসর্গ নিয়ে করোনা পরীক্ষার জন্য মানুষ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসে। পরীক্ষা ছাড়াই মানুষকে প্রতিদিনই ফেরত আসতে হচ্ছে। ফলে করোনা নিয়ে গফরগাঁওবাসীর উদ্বেগ বাড়ছে। এছাড়াও পরীক্ষার অভাবে আক্রান্তের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) পদে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনটি পদ থাকলে ও দুইজন দীর্ঘদিন ধরে ডেপুটেশনে ঢাকায় রয়েছেন। করোনাকালে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) মঞ্জরুল ইসলাম একাই উপজেলার সন্দেহভাজনদের নমুনা সংগ্রহ করছেন। জ্বর ও সর্দি-কাশি নিয়ে শুক্রবার (৫ জুন) সকালে নিজেই তার নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠান। শুক্রবার সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে জানানো হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) মঞ্জরুল ইসলাম (৫০) করোনা পজেটিভ। এর পর থেকে একমাত্র নমুনা সংগ্রহকারী মঞ্জরুল ইসলাম আইসোলেশনে রয়েছেন।

শনিবার (৬ জুন) থেকে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ বন্ধ রয়েছে। যার ফলে করোনা রোগী শনাক্তকরণে জটিলতা তৈরি হয়েছে এবং ব্যাপকভাবে করোনা ছড়িয়ে পড়ার আশংকা করছেন স্থানীয়রা।

এছাড়াও যারা করোনা পজেটিভ হয়ে আইসোলেশনে আছেন তারা সময়মতো পরীক্ষা করাতে না পেরে ও ফল পেতে বিলম্ব হওয়ায় রোগী ও স্বজনদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বাড়ছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মাইন উদ্দিন খান মানিক বলেন, মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) পদে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনটি পদ থাকলেও দুজন দীর্ঘদিন ধরে ডেপুটেশনে ঢাকায় রয়েছেন। একমাত্র নমুনা সংগ্রহকারী মঞ্জুরুল ইসলাম করোনা আক্রান্ত হয়ে আইসোলেশনে রয়েছেন। যে দুজন ডেপুটেশনে ঢাকায় রয়েছেন ঊর্ধ্বতন কতৃপক্ষের সাথে কথা বলে তাদের দ্রুত গফরগাঁওয়ে যোগদানের প্রক্রিয়া চলছে।

এ ব্যাপারে ডা: মাইন উদ্দিন খান মানিক সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে এ সময়ে যদি কারো নমুনা সংগ্রহের প্রয়োজন হয় তাহলে পার্শ্ববর্তী ভালুকা ও ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অথবা ময়মনসিংহের এসকে হাসপাতালে যাওয়ার পরার্মশ দেন।