মাদারীপুরে করোনায় আক্রান্ত হয়ে স্বাস্থ্যকর্মী ও উপসর্গ নিয়ে একজন মারা গেছেন। এদের মধ্যে মাদারীপুর সদর হাসপাতালের সহকারী নার্স (৫২) ও শহরের পানিছত্র আলজাবির উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় এক ব্যবসায়ী (৬৫)। রোববার মাদারীপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইকরাম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মারা যাওয়া ওই স্বাস্থ্যকর্মী সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের খালাশীকান্দি গ্রামের বাসিন্দা ও সদর হাসপাতালের সহকারী নার্স। করোনার উপসর্গ নিয়ে ৬ জুন হাসপাতালে ভর্তি হন এবং করোনার টেস্ট করান। ৮ জুন তার করোনা পজেটিভ রিপোর্ট আসে। সদর হাসপাতালের আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছিলেন। শনিবার তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আইসিইউতে রাখা হয় এবং রোববার ভোরে তিনি মারা যান। ইসলামিক ফাউন্ডেশনের লোকজনের উপস্থিতিতে স্বাস্থ্য বিধি মেনে তাকে গ্রামের বাড়ি ধুরাইলে দাফন করা হয়।
এদিকে শহরের পানিছত্র এলাকায় রিক্সার গ্যারেজ ব্যবসায়ী শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে ভুগছিলেন। শনিবার সকালে চিকিৎসার জন্য সদর হাসপাতালে যান ভর্তি হতে। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ভর্তি করেননি। করোনার জন্য নমুনাও নেয়নি কেউ। বাধ্য হয়ে তার স্বজনরা তাকে বাড়িতে নিয়ে আসে এবং রাত ৮টার দিকে তিনি বাড়িতে মারা যান। মারা যাওয়ার পর সিভিল সার্জন অফিস থেকে লোক এসে তার নমুনা সংগ্রহ করে নিয়ে যান। রোববার সকালে তাকে দাফন করা হয়।
মাদারীপুর সিভিল সার্জন ডা. শফিকুল ইসলাম জানান, এ পর্যন্ত জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ জন এবং করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ৭ জন। রোববার সকাল পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ৩৫০ জন।



