বালিয়াকান্দি উপজেলা হাসপাতালের একজন নারী চিকিৎসক ও দুজন স্বাস্থ্যকর্মীসহ গত ২৪ ঘণ্টায় রাজবাড়ী জেলায় নতুন করে ২০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ওই হাসপাতালের একজন নারী চিকিৎসক আক্রান্ত হওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে জরুরি সেবা ব্যতীত সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
সোমবার সকালে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: শাফিন জব্বার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, উপজেলায় ২৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ১৯ জনের নমুনার মধ্যে আজ সাতজন আক্রান্তের তথ্য পাওয়া গেছে, এর মধ্যে হাসপাতালের একজন চিকিৎসক রয়েছে। এ নিয়ে বালিয়াকান্দি উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ২৫ জন।
কনটাক্ট ট্রেসিং এবং সংক্রমণ যে আরো ছড়িয়ে না পড়ে সে জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনাক্রমে হাসপাতালের জরুরি বিভাগ ব্যতীত সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
এছাড়াও এক দিনেই রাজবাড়ী সদর উপজেলায় ছয়জন, গোয়ালন্দে তিনজন, কালুখালীতে চারজন করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছে। এনিয়ে রাজবাড়ী জেলায় মোট আক্রান্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ১১৫ জনে।
রাজবাড়ীর সিভিল সার্জন ডা: মো: নুরুল ইসলাম জানান, মোট ৬৭ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া যায়। এদের মধ্যে ২০ জনের করোনা পজেটিভ আসে। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।
সিভিল সার্জন আরো জানান, করোনাকালেও আমরা সেবার সর্বোচ্চটুকু দিয়েছি। চিকিৎসহ নানাবিধ সংকট থাকার পরেও সেবার কোনো ঘটতি ছিলো না হাসপাতালটিতে। বালিয়াকান্দিবাসীর জন্য এটা নিঃসন্দেহে দুঃখজনক খবর বলেও তিনি জানান।



