চাঁদপুরের মতলব উত্তরে অবৈধ গ্যাসপাম্প নির্মাণের ফলে পরিবেশ হুমকির মুখে পড়েছে। মতলব উত্তর উপজেলার গজরা বাজারের দক্ষিণ দিকে মাস্টার মার্কেটের পাশে মনির হোসেন মেম্বারের জায়গায় অস্থায়ীভাবে বসানো হয়েছে এই অস্থায়ী গ্যাসপাম্প। জনৈক হারিশ মাহমুদ দীপন জায়গাটি ভাড়া নিয়ে গ্যাস কোম্পানির এজেন্ট হিসেবে অস্থায়ী পাম্প বসিয়ে বিভিন্ন যানবাহনের কাছে গ্যাস বিক্রি করছেন।
সরেজমিন গিয়ে দেখা গেছে বিশাল একটি কনটেইনার ট্রাক। ট্রাকের ওপর গ্যাসের লরি। ট্রাক থেকে পাইপের মাধ্যমে ডিসপেন্সার দিয়ে গাড়িতে গ্যাস সরবরাহ করা হয়। অস্থায়ী গ্যাসপাম্পের কোনো সাইনবোর্ড নেই। কোনো নিরাপদ দূরত্বও নেই। সড়কের সাথে লাগোয়া। কোনো নিরাপত্তা বেষ্টনি নেই। এমনকি যে জায়গায় অস্থায়ী পাম্প নির্মাণ করা হয়েছে সেখানে কোনো ইটের সলিং নেই।
বিক্রয় প্রতিনিধির সাথে আলাপকালে জানা যায়, তাদের কোনো বৈধ কাগজপত্র নেই। ট্রেড লাইসেন্স, ইউএনও, এসিল্যান্ড, সড়ক ও জনপথ, পরিবেশ অধিদফতর, ফায়ার ব্রিগেড, ট্রাফিক, ডিসি অফিস ও বিস্ফোরক অধিদফতরের কোনো কাগজপত্র নেই।
এলাকাবাসী অভিযোগ করে বলেন, সম্পূর্ণ অবৈধ ও ঝুঁকি নিয়ে গ্যাসের ব্যবসা চলছে। অস্থায়ীভাবে গ্যাসপাম্প নির্মাণের ফলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এম জহিরুল হায়াত জানান, গজরাতে গ্যাসপাম্প নির্মিত হওয়ার ব্যাপারে তার কাছে কোনো তথ্য নেই। কেউ আবেদনও করেননি। তা ছাড়া একটি গ্যাসপাম্প নির্মাণের জন্য অনেক কাগজপত্র প্রয়োজন হয়। প্রয়োজনীয় কাগজপত্র না থাকলে এটি অবশ্যই অবৈধ।
মতলব উত্তরের শাহ সোলেমান ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী লিয়াকত হোসেন জানান, গ্যাসপাম্পের জন্য এক বিঘা জায়গা লাগে। তা ছাড়া ট্রেড লাইসেন্স, ইউএনও, এসিল্যান্ড, সড়ক ও জনপথ অধিদফতর, পরিবেশ অধিদফতর, ফায়ার ব্রিগেড, ট্রাফিক, জেলা প্রশাসক, বিস্ফোরক অধিদফতর ঢাকা ও চট্টগ্রামের ছাড়পত্র লাগে। এছাড়াও যে কোম্পানির গ্যাস আনা হবে সেই কোম্পানির সাথে চুক্তি করতে হবে। জেলা প্রশাসকের এলইডি ফান্ডে টাকা জমা দিতে হয়। তিনি বলেন, আমার জানা মতে গজরাতে যে গ্যাসপাম্প বসানো হয়েছে সেটির কোনো অনুমোদন নেই।
মতলবে অবৈধ গ্যাসপাম্প পরিবেশ হুমকির মুখে
চাঁদপুরের মতলব উত্তরে অবৈধ গ্যাসপাম্প নির্মাণের ফলে পরিবেশ হুমকির মুখে পড়েছে। মতলব উত্তর উপজেলার গজরা বাজারের দক্ষিণ দিকে মাস্টার মার্কেটের পাশে মনির হোসেন মেম্বারের জায়গায়...



