রাজধানীর দক্ষিণখান ও বিমানবন্দর এলাকা থেকে উদ্ধারকৃত দ্বি-খন্ডিত লাশের পরিচয় পাওয়া গেছে। মৃত ওই ব্যক্তির নাম হেলাল উদ্দিন (২৮)। তিনি মোবাইল এজেন্ট ব্যাংকিং ব্যবসায়ী। এ ব্যক্তিকে হত্যার পর তার লাশ দ্বিখন্ডিত করে দুর্বৃত্তরা। পরে দুইদিনে দুই জায়গা থেকে তার খণ্ডিত লাশ উদ্ধার করে পুলিশ। পূর্বশত্রুতার জেরে নির্মম এ হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। আজ বুধবার রাজধানীর দক্ষিণখান থানার ওসি শিকদার মো. শামিম হোসেন নিহত এই ব্যক্তির পরিচয় শনাক্তের বিষয়টি জানান।

‘সোমবার ওই ব্যক্তির শরীরের নাভীর নিচের অংশ পাওয়া যায়। ওই অংশটুকু হাসপাতাল মর্গে রাখা হয়। পরে স্বজনদের হাসপাতালে নিয়ে পায়ের অংশ দেখানো হয়। তারা লাশ শনাক্ত করেন। ওই ব্যক্তি মোবাইল এজেন্ট ব্যাংকিংয়ের ব্যবসা করতেন। তবে হত্যার ধরণ ও প্রাথমিকভাবে মনে হচ্ছে পূর্বশত্রুতার জেরে এ হত্যাকান্ড সংঘটিত হয়ে থাকতে পারে। কেননা খুনিরা পরিকল্পিতভাবে তাকে অন্য কোথাও নিয়ে যায়। এরপরও তার লাশ দ্বিখণ্ডিত করে বিভিন্নস্থানে ফেলে রেখে যায়। এছাড়াও তার পারিবারিক, সাংসারিক বিষয়গুলো তদন্ত করছি। এ ঘটনায় থানায় মামলা দায়ের করেছে নিহতের পরিবার। তবে কাউকে নির্দিষ্ট করে আসামি করা হয়নি।’

নিহতের ভাই হুজাইফার বরাত দিয়ে তিনি আরো বলেন, ‘রাজধানীর দক্ষিণখান এলাকায় ভাড়া বাসায় থাকতেন হেলাল। রোববার দোকানের উদ্দেশ্যে বাসা থেকে বের হন তিনি। কিন্তু এরপর তার আর কোনো খোঁজ মেলেনি। পরে পুলিশ তার দ্বিখন্ডিত লাশ উদ্ধার করে।’

প্রসঙ্গত, সোমবার রাজধানীর দক্ষিণখান ও বিমানবন্দর এলাকা থেকে হেলালের দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করে পুলিশ।