রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বালিয়াকান্দি ইউনিয়নের চারটি ওয়ার্ডে চলছে লকডাউন। ওই চারটি ওয়ার্ডে করোনা শনাক্ত বেশি থাকায় লকডাউন ঘোষণা করেছে প্রশাসন।

বৃহস্পতিবার সকাল থেকে বালিয়াকান্দিতে লকডাউন মানছেন মানুষ। একেবারে জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাজারে যাননি।

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম জানান, বালিয়াকান্দি উপজেলার বালিয়াকান্দি ইউনিয়নের ৪, ৫, ৬ ও ৯ নম্বর ওয়ার্ডে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেশি থাকায় এই চারটি ওয়ার্ডকে বুধবার বিকেল থেকে আগামী ৩০ জুন পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছে।

তিনি আরো জানান, লকডাউন থাকাকালীন সময়ে সব ধরণের অফিস বন্ধ থাকবে, শুধু জরুরি কাচামাল এবং ওষুধের দোকান বিকেল ২টা পর্যন্ত খোলা থাকার নির্দেশ দেয়া হয়েছে। এছারা যারা জরুরি প্রয়োজনে বাইরে আসবেন, তাদের অবশ্যই মাস্ক পরে আসতে হবে। অন্যথায় তাদের আইনের আওতায় আনা হবে।