দিনাজপুরের চিরিরবন্দরে পথরোধ করে ব্যবসায়ীর টাকা ও মোবাইল ছিনতাই করেছে স্থানীয় দুই যুবক। এ সময় তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়া হয়। এ ঘটনায় ওই ব্যবসায়ী চিরিরবন্দর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগপত্র থেকে জানা যায়, উপজেলার চিরিরবন্দর মণ্ডলপাড়ার মৃত মকবুল হোসেনের ছেলে দেলোয়ার হোসেন। সে কসমেটিক্স ও বিকাশ এজেন্ট ব্যবসায়ী। ১৫ জুন রাত ১২টার দিকে স্থানীয় ঘুঘুরাতলী বাজার থেকে বাড়িতে ফেরার পথে ফকিরপাড়া নামক স্থানে পৌঁছলে ফকিরপাড়ার মৃত সাত্তার বানিয়ার ছেলে মোহাম্মদ ডালিম (১৯) ও চিরিরবন্দর কোর্টপাড়ার আজিজুল ইসলামের ছেলে আসাদুজ্জামান আসাদ (৩৫) তার পথরোধ করে। পথরোধের কারণ জানতে চাইলে উভয়ের মধ্যে তর্ক-বিতর্ক হয়। ধস্তাধস্তির একপর্যায়ে ব্যবসায়ীর কাছ থেকে তারা মোবাইল ফোন ও ২৬ হাজার টাকা কেড়ে নেয়। এরপর ওই ব্যবসায়ীকে প্রাণে মেরে ফেলার হুমকি ও ভয়ভীতি দেখিয়ে তাদের শিখিয়ে দেয়া কথা ভিডিও রেকর্ড করে। পরে চিৎকার দিলে ছিনতাইকারীরা সটকে পড়ে। পরে মোবাইল ফেরত চাইলে আরো ২০ হাজার টাকা দাবি করে। টাকা না দিলে ওই ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেয়ার ভয় দেখায়।
ভুক্তভোগী দেলোয়ার বলেন, ছিনতাই করার সময় তারা সাংবাদিক পরিচয় দিয়ে বলে, আমাদের হাত অনেক লম্বা। আমরা প্রশাসন ও পুলিশ দিয়ে তোর বারোটা বাজিয়ে দেবো।
চিরিরবন্দর থানার ওসি সুব্রত কুমার সরকার বলেন, একটি অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।