গাজীপুর মহানগরের টঙ্গীতে র‌্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ জাহাঙ্গীর হোসেন পিংকু (৪০) নিহত হয়েছে। নিহত জাহাঙ্গীর একজন অভিযুক্ত সন্ত্রাসী। ঘটনাস্থল থেকে ইয়াবা, পিস্তল ও গুলি উদ্ধারের দাবি করেছে র‌্যাব। মঙ্গলবার রাত দেড়টায় টঙ্গীর টিএনটি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত পিংকু চাদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার গোসাইর চরের আবু জাফরের ছেলে।

র‌্যাব-১ এর সিনিয়র সহকারি পুলিশ সুপার মো: কামরুজ্জামান জানান, জাহাঙ্গীর হোসেন পিংকু একজন চিহ্নিত সন্ত্রাসী। সে হত্যা, ডাকাতি, অন্ত্র ও মাদক আইনে ১৪ মামলার আসামী। মঙ্গলবার রাতে র‌্যাব-১ এর সদস্যরা গোপন সংবাদে জানতে পারে, সন্ত্রাসী পিংকু জিএমপির টঙ্গী পূর্ব থানার টিএন্ডটি বাজার এলাকায় অবস্থান করছে। পরে তাকে ধরতে সেখানে অভিযান চালায় র‌্যাব। এ সময় সন্ত্রাসীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এতে একপর্যায়ে সন্ত্রাসী পিংকু গুলিব্ধি হয়। অন্যরা পারিয়ে যায়।

পরে তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার সময় র‌্যাবের এক সদস্য আহত হয়। ঘটনাস্থল থেকে ১৯০০ পিস ইয়াবা ট্যাবলেট, দুটি বিদেশি পিস্তল, ১১ রাউন্ড গুলি, দুইটি ম্যাগজিন ও ৩টি খালি কার্তুজ উদ্ধার করা হয়।