রাজধানীতে পৃথক ঘটনায় দুইজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মৃতরা হলো- তাকবির হোসেন (১৫) ও মুসা মিয়া (২২)।

জানা যায়, আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর কামরাঙ্গীরচরে গ্রিলের দোকানে বিদ্যুৎস্পৃষ্ট হন তাকবির হোসেন। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত তাকবির হোসেন কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বাটিঘাগরা গ্রামের মৃত সুলতানের ছেলে। ওই এলাকায় পরিবারের সঙ্গে ঝাউচড়ে থাকতো এবং একটি গ্রিলের দোকানে কাজ করতো।

মৃতের সহকর্মী সাগর আহমেদ জানান, দোকানে গ্রিলের কাজ করার সময় মেশিন থেকেই বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। এ সময় অচেতন হয়ে পড়লে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে, রাজধানীর বনানী সাততলা বিন্ডিংয়ের পাশে বস্তির একটি ঘর থেকে মুসা মিয়া (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বনানী থানার এসআই মো. দেলোয়ার হোসাইন বলেন, সাততলা বিন্ডিংয়ে পাশে বস্তিতে পরিবার নিয়ে ভাড়া থাকতেন মুসা। গত সোমবার রাতে খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়েন। পরে রাতে তার স্ত্রী ঘুম থেকে উঠে রুমেই আড়ার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে রাত আড়াইটা দিকে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

তিনি আরো জানান, ময়নাতদন্তের জন্য লাশটি ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়। তার বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলায়। বাবার নাম ইউসুফ আলী। তার মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।