কক্সবাজারের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট ছালমত উল্লাহ রানা (৫৫) আর নেই। করোনায় আক্রান্ত হয়ে তিনি সোমবার রাত সাড়ে ৯টায় চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের আইসিইউতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কক্সবাজার জেলা জজ আদালতের সাবেক এপিপি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কক্সবাজার শাখার সাবেক আহ্বায়ক ছালামত উল্লাহ রানা কোভিড-১৯ আক্রান্ত হয়ে প্রথমে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি হন। সেখানে তার তীব্র শ্বাসকষ্ট শুরু হলে তাকে গত শনিবার চট্টগ্রামের ওই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গতকাল মহেশখালীর উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের ফকিরাঘোনা মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে যান। করোনায় কক্সবাজার জেলা আইনজীবী সমিতিতে এই প্রথম মৃত্যুর ঘটনায় আদালতপাড়ায় শোকের ছায়া নেমে এসেছে।