গাজীপুর মহানগরের টঙ্গীতে র্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ জাহাঙ্গীর হোসেন পিংকু (৪০) নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে ইয়াবা, পিস্তল ও গুলি উদ্ধারের দাবি করেছে র্যাব। সোমবার রাত দেড়টায় টঙ্গীর টিঅ্যান্ডটি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত পিংকু চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার গোসাইর চরের আবু জাফরের ছেলে। সে রাজধানীর বনানী সাত তলা বস্তিতে থাকত বলে জানা গেছে।
র্যাব-১-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো: কামরুজ্জামান জানান, জাহাঙ্গীর হোসেন পিংকু একজন চিহ্নিত সন্ত্রাসী। সে হত্যা, ডাকাতি, অস্ত্র ও মাদক আইনে ১৪ মামলার আসামি। র্যাব-এর সদস্যরা গোপন সংবাদে জানতে পারে, সন্ত্রাসী পিংকু জিএমপির টঙ্গী পূর্ব থানার টিঅ্যান্ডটি বাজার এলাকায় অবস্থান করছে। পরে তাকে ধরতে সেখানে অভিযান চালায় র্যাব। এ সময় সন্ত্রাসীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এতে একপর্যায়ে সন্ত্রাসী পিংকু গুলিব্ধি হয়। অন্যরা পালিয়ে যায়।
পরে তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার সময় র্যাবের এক সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে ১৯০০ পিস ইয়াবা ট্যাবলেট, দু’টি বিদেশী পিস্তল, ১১ রাউন্ড গুলি, দু’টি ম্যাগজিন ও তিনটি খালি কার্তুজ উদ্ধার করা হয়।