রাজশাহীর বাগমারায় শুভযাঙ্গা ইউনিয়ন বাইগাছা গ্রামে দুর্বৃত্তদের ছোড়া এসিডে শিশুসহ একই পরিবারের চারজনের মুখমণ্ডল ও শরীর ঝলসে গেছে। তারা হলেনÑ আফজাল হোসেন (৩৮), তার স্ত্রী জেসমিন আক্তার (৩২), মেয়ে পলি খাতুন (৮) ও দুই মাসের শিশু আফসানা খাতুন। গুরুত্বর আহতাবস্থায় তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রচণ্ড গরমের কারণে ঘরের জানালা খোলা রেখে ঘুমাচ্ছিলেন ওই পরিবারের সদস্যরা। রাত ২টায় ঘরের জানালা দিয়ে দুর্বৃত্তরা অ্যাসিড ছুড়ে মারে। এতে তাদের মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন স্থান ঝলসে যায়। এ সময় তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসে। দুই মাসের শিশু আফসানা ও তার মা জেসমিনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
বাগমারা থানার ওসি আতাউর রহমান বলেন, আলামত যাতে নষ্ট না হয় সে জন্য ওই ঘরটি তালাবদ্ধ করে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।