রাজধানীর ভাটারা পূর্ব সাঈদনগর এলাকা থেকে সাইফুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের চারদিন পর শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়। পরে রোববার দুপুরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

ভাটারা থানা পুলিশের এসআই ইস্কেন্দার আলী বলেন, শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ভাটারা থানার পূর্ব সাঈদনগরের ২৬৮৬ নম্বর দাগের একটি বাড়ির ২য় তলা থেকে সাইফুলের লাশ উদ্ধার করা হয়। সেখানকার এক ভাড়াটিয়া গন্ধ পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাইফুলের অর্ধগলিত লাশ উদ্ধার করে।

তিনি আরো বলেন, গত ২৪ জুন হাজারীবাগ থানায় একটি নিখোঁজের ব্যাপারে সাধারণ ডায়েরি (জিডি) করে তার পরিবার। ওই জিডির তথ্য ছিল আমাদের থানায়। পরে আমরা হাজারীবাগ থানার মাধ্যমে তার স্ত্রী মিনা পারভীনের সাথে যোগাযোগ করি। এরপর মিনা পারভীন তার লাশ দেখে শনাক্ত করেন। নিহত সাইফুল হাজারীবাগ থানার মধুবাজারের ধানমন্ডি ৯/এ নম্বর সড়কের ১৪১ নম্বর বাড়িতে স্ত্রী সন্তানের সাথে বসবাস করতেন। তিনি জামালপুর জেলার সদর থানার কম্প্রপুর গ্রামের মৃত নাসিম উদ্দিনের ছেলে। মৃত সাইফুল বিভিন্ন ধরনের ব্যবসা করতেন । এ ঘটনায় ভাটারা থানায় একটি মামলা হয়েছে।