শেরপুরের নালিতাবাড়ীতে খড় বোঝাই চলন্ত ট্রাকের ছাদে পল্লী বিদ্যুতের হাই ভোল্টেজের তারে জড়িয়ে আলামিন (২৫) নামে এক ট্রাক হেল্পারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার রাত ৯টার দিকে নালিতাবাড়ী-হালুয়াঘাট রোডের শেহড়াতলী চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় চালক ট্রাক রেখে পালিয়ে যায়।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শেহড়াতলী এলাকার জনৈক কৃষকের কাছ থেকে খড় কিনে বোঝাইয়ের পর রাত ৯টার দিকে গন্তব্যে যাওয়ার জন্য নালিতাবাড়ীর শহরের দিকে আসছিল ঢাকা মেট্রো ট-১৪-৯৪১৪ নং একটি ট্রাক। এ সময় ট্রাকের হেল্পার আলামিন ছাদে বোঝাই করা খড়ের উপর বসেছিলেন। পথিমধ্যে শেহড়াতলী চৌরাস্তা মোড়ে রাস্তার উপরে আড়াআড়িভাবে থাকা পল্লী বিদ্যুতের হাই ভোল্টেজের তারে জড়িয়ে সাথে সাথেই ট্রাক হেল্পারের মৃত্যু হয়। বিষয়টি টের পেয়ে ট্রাক থামিয়ে তাৎক্ষণিক পালিয়ে যান চালক। পরে খবর পেয়ে পুলিশ ট্রাকের ছাদ থেকে নিহতের লাশ উদ্ধার করে ট্রাকসহ থানায় নিয়ে আসে।



