সিরাজগঞ্জের কাজিপুরে নির্মানাধীন ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটরস ট্রেনিং ইন্সটিটিউট (এফ ডব্লিউ ভি টি আই) ও মেলিকেল এসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটসে) কর্মরত নির্মাণ শ্রমিক কাওসার (২০) পানিতে ডুবে নিখোঁজ হয়েছে। সোমবার সকাল ১১টায় সঙ্গীয় শ্রমিকদের নিয়ে পার্শ্ববর্তী পাইকরতলী দওয়ে গোসল করতে গেলে ডুবে যান তিনি।

নিখোঁজ শ্রমিক চাপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ উপজেলার ঝইরাপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে কাওসার।

নিখোঁজ ব্যক্তির সাথে গোসল করতে যাওয়া শামিম, সাগর, বাবু ও আব্দুল্লাহ জানান, আমরা ৫ জন শ্রমিক দওয়ের উত্তর পাশ দিয়ে গোসল করতে নামি। কাওসার সাঁতার কেটে দক্ষিণ পাশে পার হচ্ছিল। একপর্যায়ে তিনি ডুবে যান। আমরা তাকে তুলতে পারিনি।

কাজিপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার ফরিদ উদ্দিন জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। রাজশাহী কন্ট্রোলে বিষয়টি জানানো হয়েছে। তারা দ্রুত ডুবুরী পাঠাচ্ছে। ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটরস ট্রেনিং ইন্সটিটিউট (এফ ডব্লিউ ভি টি আই) প্রজেক্টক প্রকৌশলী ওমর ফারুক পানিতে ডুবে শ্রমিক কাওসার নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

বিকেল সাড়ে তিনটায় এই রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ শ্রমিক উদ্ধার হয়নি। স্থানীয়ভাবে খোঁজাখুঁজির চেষ্টা চলছে