ফেনীর সোনাগাজী-ফেনী সড়কসহ অভ্যন্তরীণ সড়কগুলোতে যাতায়াতের একমাত্র বাহন সিএনজি ভাড়া নিয়ে নৈরাজ্য শুরু হয়েছে। করোনা সংকটকালীণ সময়ে সিএনজি ড্রাইভাররা যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে জনদুর্ভোগ চরমে উঠেছে।
ভুক্তভোগী, সিএনজি ড্রাইভার ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ফেনীর সোনাগাজী-ফেনী সড়কসহ অভন্তরীণ সব সড়কে কোনো নিয়ম শৃংঙ্খলা না মানায় সিএনজি ড্রাইভারা যাত্রীদের থেকে ইচ্ছে মতো অতিরিক্ত ভাড়া আদায় করছেন। এ নিয়ে প্রতিনিয়ত যাত্রীদের সাথে সিএনজি ড্রাইভারদের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। যাত্রী দুর্ভোগ চরমে উঠেছে। অসহায় ভুক্তভোগী যাত্রীরা সিএনজি ড্রাইভারদের কাছে ভাড়া নিয়ে একরকম জিম্মি হয়ে পড়েছেন।
সোনাগাজী থেকে জেলা শহর ফেনীতে আগে সিএনজি ভাড়া ছিলো ৪০ টাকা, বর্তমান ভাড়া আদায় করা হচ্ছে ৭০ টাকা, ডাকবাংলা থেকে সোনাগাজী আগের ভাড়া ছিলো ১০ টাকা, বর্তমান ভাড়া আদায় করা হচ্ছে ২০ টাকা, মতিগঞ্জ থেকে সোনাগাজী আগের ভাড়া ছিলো ৫ টাকা, বর্তমান ভাড়া আদায় করছে ১০ টাকা, ডাকবাংলা থেকে মতিগঞ্জ আগের ভাড়া ছিলো ৫ টাকা, বর্তমান ভাড়া আদায় করছে ১০ টাকা, আমিরউদ্দিন মুন্সিরহাট থেকে ডাকবাংলা আগে ভাড়া ছিলো ১৫ টাকা, বর্তমানে আদায় করা হচ্ছে ৩০ টাকা, ভোরবাজার থেকে ডাকবাংলা আগে ছিলো ২০ টাকা, বর্তমানে আদায় করছে ৩০ টাকা, সোনাগাজী থেকে সোনাপুর বাজার আগে ছিলো ১৫ টাকা, বর্তমানে আদায় করছে ৩০ টাকা, সোনাগাজী থেকে ভৈরব চৌধুরী বাজার আগে ভাড়া ছিলো ১০ টাকা, বর্তমানে আদায় করছে ২০ টাকা।
সোনাগাজীর উন্নয়ন আন্দোলনের নেতা ও জেলা বিএনপির সদস্য আলা উদ্দিন গঠন বলেন, অভ্যন্তরীণ সকল সড়কে আগের তুলনায় সিএনজি ড্রাইভাররা অসহায় যাত্রীদের থেকে জোরপূর্বক দ্বিগুণ ভাড়া আদায় করে নিচ্ছেন। যাত্রী আনা-নেয়ার ক্ষেত্রেও নিরাপদ দূরত্ব না মেনে অন্যায়ভাবে আগের মতো ৫ জনই বহন করছেন ড্রাইভাররা। সরকারি নিয়মনীতি অনুসরণ না করার কারণে সড়ক পথে নৈরাজ্য বিরাজ করছে। এতে জনদুর্ভোগ চরমে উঠেছে।
অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে সোনাগাজী সিএনজি মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম বলেন, ফেনী-সোনাগাজী সড়কে ভাড়া নির্ধারিত আছে ৪০ টাকা বেশি নেয়ার সুযোগ নেই। কেউ যদি তিনজন যেতে চায় তাহলে ৭০ টাকা করে ভাড়া।
সোনাগাজী সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি মোশারফ হোসেন বলেন, প্রশাসনের আদেশ মোতাবেক এক সিএনজিতে তিনজন যাত্রী বহন করলে সোনাগাজী ফেনী সড়কে ভাড়া ৭০ টাকা নিবে। আর ৫ জন নেয়ার সুযোগ নেই। বেশি নিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও বাবু অজিত দেব জানান, নিরাপদ দূরত্বের বিষয়টি মাথায় রেখে কথা ছিলো সোনাগাজী-ফেনী সড়কে তিনজন করে যাত্রী বহন করলে আগের ভাড়া ৪০ টাকার স্থলে ৭০ টাকা নিবে। কিন্তু ৪-৫ জনতো বহন করা যাবে না। ৪-৫ জন নিলে ভাড়া ভাড়বে কেন। তাহলে মালিক সমিতির সাথে দ্রুত বিষয়টি নিয়ে আলোচনায় বসতে হবে।
ফেনী জেলা প্রশাসক মো: ওয়াহিদুজ্জানকে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, বিষয়টি ইতোমধ্যে আমাদের দৃষ্টিগোচরে এসেছে। দ্রুত ব্যবস্থা নেয়া হবে।



