প্রধানমন্ত্রীর প্রস্তাবিত ও প্রতিষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশনের দারুল আরকাম মাদরাসা প্রকল্প পুনঃঅনুমোদন ও শিক্ষকদের ছয় মাস ধরে বন্ধ থাকায় বেতন-ভাতা প্রদানের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার কক্সবাজার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে।
স্মারকলিপিতে ছয় দফা দাবিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর প্রস্তাবিত ও প্রতিষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশনের দারুল আরকাম মাদরাসা প্রকল্পটি দ্রুত পাস করে আসন্ন কোরবানি ঈদের আগেই শিক্ষকদের বকেয়া বেতন-ভাতা প্রদান, প্রকল্প অনুমোদনের সময় শিক্ষকদের স্থায়ী জনবল হিসেবে উল্লেখ করে স্কেল ভিত্তিক বেতন-ভাতা প্রদান, প্রাইমারি স্কুলের মতো দারুল আরকাম শিক্ষকদেরকে পিটিআই ট্রেনিংয়ের ব্যবস্থা, দ্রুত পর্যাপ্ত সংখ্যক শিক্ষক নিয়োগ, প্রাইমারি স্কুলের মতো দারুল আরকাম মাদরাসাগুলোয় আসবাবপত্রসহ ভবন নির্মাণে বরাদ্দ এবং প্রাইমারির মতো পর্যায়ক্রমে দারুল আরকাম মাদরাসাকে রাজস্ব খাতে অন্তর্ভুক্তির নির্দেশনা প্রদান।
২০১৮ সালে দারুল আরকাম মাদরাসার কার্যক্রম শুরু হয়। ১০১০ জন কওমি ও ১০১০ জন আলিয়া মাদরাসা থেকে সনদপ্রাপ্ত আলেম পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে শিক্ষক হিসেবে নিয়োগ পান। শুরুতে তৃতীয় শ্রেণী পর্যন্ত পাঠদান হলেও ২০১৯ সালে মাদরাসাকে পঞ্চম শ্রেণীতে উন্নীত করা হয়। গত ৩১ ডিসেম্বর প্রকল্পের মেয়াদ শেষ হয়। তবু ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশক্রমে প্রকল্পের কার্যক্রম চালু রাখেন শিক্ষকরা। কিন্তু বিগত ছয় মাস ধরে এই প্রতিষ্ঠানের ২০২০ জন শিক্ষক কোনো ধরনের বেতন- ভাতা পাননি। করোনার এই সঙ্কটময় মুহূর্তে পরিবারপরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন।
স্মারকলিপিতে আরো বলা হয়েছে, দারুল আরকামের শিক্ষকরা সরকারের নির্দেশনা মতে যৌতুক, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জনসচেতনতামূলককার্যক্রম চালাচ্ছেন। জীনের ঝুঁকি নিয়ে করোনাভাইরাসে মৃতদের দাফন-কাফনে অংশ নিচ্ছেন। দারুল আরকাম মাদরাসা প্রকল্প ছাড়া আলেম-ওলামাদের কর্মসংস্থানমূলক বিকল্প পেশা নেই বলেও প্রধানমন্ত্রীকে দেয়া স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে। সংগঠনের কক্সবাজার জেলা শাখার সভাপতি মো: ফরিদুল আলম ও সাধারণ সম্পাদক মাওলানা মো: আব্দুল কাইয়ুমের নেতৃত্বে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সহসভাপতি তাহের সায়েদ, মো: নুরুল আমিন, সহসাধারণ সম্পাদক মো: আবদুল হামিদ, সাংগঠনিক সম্পাদক তাসনিম হাসনাত, অর্থ সম্পাদক মোহাম্মদ ইউছুফ, দফতর সম্পাদক নুরুল আলম, শিক্ষা ও গবেষণা সম্পাদক মুশিউর রহমান, প্রচার সম্পাদক আজিজুল হক, সদস্য মো: সালাহ উদ্দিন, মো: আব্দুল খালেক, আব্দুস শাকুর, মো: কলিম উল্লাহ, মো: আব্দুল কাদের, মো: জাহাঙ্গীর আলম কাদেরী, ওমর ফারুক, আব্দুল আজিজ, জিয়াউর রহমান, সাইফুল ইসলাম, হাফেজ মাহবুবুর রহমান, মো: শফিউল্লাহ, মো: মিছবাহ উদ্দিন চৌধুরী, আহমদ উল্লাহ, মো: নেজামুল হক, মো: আব্দুল মজিদ, মো: ইলিয়াছ, দেলোয়ার হোছাইন, খায়রুজ্জামান, হাফেজ মোহাম্মদ মহিউদ্দিন, মিনহাজ উদ্দিন ও মো: ইউনুছ।