প্রায় ২৭ মণ ওজনের ‘সুলতান’কে দেখতে উৎসুক জনতা ভিড় জমাচ্ছে রুহুল আমিনের বাড়িতে। সুলতানের বয়স আড়াই বছর। ৫ ফুট ৬ ইঞ্চি উচ্চতা ও লম্বা ৯ ফুট। শেরপুরের নালিতাবাড়ি উপজেলা বাঘবেড় ইউনিয়নের রানীগাঁও গ্রামের যুবক রুহুল আমিন কানাডিয়ান জাতের বড় ষাঁড় পালনে করে চমক দেখিয়েছেন।
পারিবারিক পরিবেশে পালন করে গরুটির নাম রাখা হয়েছে সুলতান। গরুর মালিকের দাবি তার গরুটিই (সুলতান) শেরপুরে সবচেয়ে বড় গরু। রুহুল আমিন একজন পলীø পশু চিকিৎসক। তিনি বলেন, নিজের গাভীতে কানাডা থেকে আমদানি করা উন্নত জাতের বীজ থেকে এই গরু জন্ম দেয়া হয়েছে। সুলতানকে গরমের সময় দিনে চারবার ও শীতের সময় দুই বার গোসল করানো হয়। সুলতানকে পরিবারের সদস্য হিসেবেই দেখা হয়। ঘরে রেখেই লালন পালন করা হয়েছে তাকে। বিশেষ প্রয়োজনে বছরে দুই তিনবার বাইরে আনা হয়। নিয়মিত খড়, ভূসি ও বাজার থেকে উন্নত মানের পশুখাদ্য কিনে খাওয়ানো হয় সুলতানকে। দিনে ৩০০ থেকে ৪০০ টাকা খরচ হয় তার পেছনে।
রুহুল আমিন বলেন, কোরবানির ঈদকে সামনে রেখে ক্রয়ের জন্য ক্রেতাদের অনেকেই আসা যাওয়া করছে। ন্যায্য মূল্য পেলে হয়তো আদরের গরুটিকে এবারের ঈদে বেচে দেবো। গরুটির বয়স যখন ১১ মাস ছিল তখন দাম যাচাই করে দাম হয়েছিল আড়াই লাখ টাকা। বর্তমানে বয়স ও ওজনের ওপর ভিত্তি করে গরুটির বর্তমান মূল্য ১৫ লাখ টাকা চান রুহুল আমিন।