কক্সবাজারের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাকেন্দ্র বাংলাবাজার ছুরতিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ ও বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্রের ধর্মীয় আলোচক মাওলানা আবুল কালাম মুরাদ (৫৬) গতকাল শুক্রবার ভোরে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত ১ জুলাই তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন এবং পরে সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন। গত বৃহস্পতিবার আবারো অসুস্থ হলে তাকে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি চকরিয়া নামার চিরিঙ্গা মাস্টারপাড়ার মরহুম গোলাম আলী সওদাগরের বড় ছেলে। আলিয়া ও কওমি উভয় ধারার উচ্চতর ডিগ্রিধারী আবুল কালাম মুরাদ একাধারে আদর্শ শিক্ষক, সুদক্ষ অধ্যক্ষ এবং জনপ্রিয় ইসলামিক বক্তা ছিলেন। তিনি তিন ছেলে এবং এক মেয়ের জনক। গতকাল আসরের নামাজের পর নামাজে জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে জেলা ওলামা-মাশায়েখ পরিষদের সভাপতি মাওলানা শফিউল হক জিহাদী, জেলা জামায়াতের আমির মাওলানা মুস্তাফিজুর রহমান, সেক্রেটারি অ্যাডভোকেট ফরিদ উদ্দীন ফারূকীসহ বিভিন্ন মহল শোক প্রকাশ করেছে।