সিরাজগঞ্জের কাজিপুরের চরাঞ্চল থেকে সরকারি ভিজিডি’র (ভারনাবল গ্রুপ ডেভলপমেন্ট) উন্নতমানের পুষ্টি চাল গোপন সংবাদের ভিত্তিতে ব্যবসায়ীর গুদাম থেকে সরকারি সিলমোহর যুক্ত ওই বস্তালো উদ্ধার করেছে পুলিশ। এ ব্যাপারে কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
কাজিপুর থানা অফিসার ইনচার্জ পঞ্চানন্দ সরকার ও নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ গৌতম চন্দ্র মালী জানান, দুর্গম চরাঞ্চলের নিশ্চিন্তপুর ইউনিয়নের ডিগ্রীদোরতা বাজারের চাঁন মিয়ার দোকান থেকে সোমবার (১৩ জুলাই) রাত ১১টা ২০মিনিটে তালাবদ্ধ অবস্থায় সরকারি ভিজিডি’র ৬২ বস্তা চাল উদ্ধার করে। এ ঘটনায় আবু বক্কার, রফিকুল ইসলাম, চাঁন মিয়া ও আনোয়ারসহ অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
এ ঘটনায় নিশ্চিন্তপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জালাল উদ্দিন মাষ্টার বলেন, আমার অনুপস্থিতিতে ট্যাগ অফিসার গোলাম রব্বানী ও ইউপি সচিব নুরুল ইসলাম গত ১৩ জুলাই কার্ডধারী সুবিধাভোগীদের মাঝে চাল বিতরণ করে। এ বিষয়ে ট্যাগ অফিসার কাজিপুর বিএডিসি উপ-সহকারী প্রকৌশলী গোলাম রাব্বানী জনান, ১৯৯ জন কার্ডধারী সুবিধাভোগীদের মাঝে ১৯৯ বস্তা চাউল বিতরণ করা হয়েছে। কেউ যদি নেওয়ার পরে বিক্রি করে এতে আমার করার কিছুই নেই।
কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী বলেন, তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রসঙ্গত, মহিলা অধিদপ্তর কর্তৃক পরিচালিত ভিজিডি (ভারনাবল গ্রুপ ডেভোলপমেন্ট) প্রকল্পের মাধ্যমে কাজিপুর উপজেলার ২৫ শ’ ৪১টি প্রান্তিক পর্যায়ের দুস্থ অসহায় পরিবার সুবিধা পেয়ে থাকে।



