সিরাজগঞ্জের কাজিপুরের চরাঞ্চল থেকে সরকারি ভিজিডির (ভারনাবল গ্রুপ ডেভেলপমেন্ট) উন্নতমানের পুষ্টি চাল ব্যবসায়ীর গুদাম থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ব্যাপারে কাউকে গ্রেফতার করা যায়নি।
কাজিপুর থানার ওসি পঞ্চানন্দ সরকার ও নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ গৌতম চন্দ্র মালী জানান, দুর্গম চরাঞ্চলের নিশ্চিন্তপুর ইউনিয়নের ডিগ্রিদোরতা বাজারের চান মিয়ার দোকান থেকে গত সোমবার রাত ১১টা ২০ মিনিটে তালাবদ্ধ অবস্থায় সরকারি ভিজিডির ৬২ বস্তা চাল উদ্ধার করা হয়। আবু বক্কার, রফিকুল ইসলাম, চান মিয়া ও আনোয়াারসহ অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
এ ব্যাপারে নিশ্চিন্তপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দিন মাস্টার বলেন, আমার অনুপস্থিতিতে ট্যাগ অফিসার গোলাম রব্বানী ও ইউপি সচিব নুরুল ইসলাম গত ১৩ জুলাই কার্ডধারী সুবিধাভোগীদের মধ্যে চাল বিতরণ করে। এ বিষয়ে ট্যাগ অফিসার কাজিপুর বিএডিসির উপসহকারী প্রকৌশলী গোলাম রাব্বানী জানান, ১৯৯ জন কার্ডধারী সুবিধাভোগীদের মধ্যে ১৯৯ বস্তা চাল বিতরণ করা হয়েছে। কেউ যদি নেয়ার পরে বিক্রি করে সে ক্ষেত্রে করার কিছুই নেই।
কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী বলেন, তদন্তসাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।
নাম প্রকাশ না করার শর্তে অনেকেই জানিয়েছেন সংশ্লিষ্ট ইউনিয়নের অনেক ইউপি সদস্য গোপনীয়তা রক্ষা করে কার্ডগুলো তৈরি করেছেন যার ফলে প্রকৃত কার্ডধারী জানেন-ই না যে তিনি চাল পাবেন। আর এসব কার্ডের বিপরীতে বরাদ্দকৃত চাল প্রায়ই কালোবাজারে বিক্রি করা হয়।



