ফেনীর দাগনভূঞা উপজেলার উ: আলীপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আনোয়ার উদ্দিন (৫৩) আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। করোনাভাইরাসের উপসর্গ নিয়ে বুধবার দিবাগত রাত দুইটার দিকে ফেনী মেডিনোভা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

হাসপাতাল সূত্র জানায়, অধ্যক্ষ আনোয়ার উদ্দিন গত কয়েকদিন ধরে জ্বরে ভূগছিলেন। বুধবার শ্বাসকষ্ট দেখা দিলে সন্ধ্যায় তিনি ফেনী মেডিনোভা হাসপাতালে আসেন। চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হন। রাতে শ্বাসকষ্ট বেড়ে দুইটার দিকে তার মৃত্যু হয়।

তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

শহরের ডাক্তারপাড়ায় তিনি সপরিবারে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন। এখানে অন্বেষা স্কুল ও কোচিং সেন্টার প্রতিষ্ঠা করেন তিনি। ২০১৮ সালে এটি বন্ধ করে দেন। উ: আলীপুর হাইস্কুলে তিনি সহকারী প্রধান শিক্ষক পদে যোগদান করেন। পরে প্রধান শিক্ষক হন। তার আপ্রাণ চেষ্টায় স্কুলটি কলেজ মানে উন্নীত হয়।

তার গ্রামের বাড়ি ছাগলনাইয়া উপজেলার শুভপুরে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে আজ বৃহস্পতিবার তাকে দাফন করা হবে বলে জানা গেছে।