দিনাজপুরের নবাবগঞ্জ থেকে খুশিমনি আরফিন নামে নবম শ্রেণী পড়ুয়া অপহৃত এক স্কুলছাত্রীকে গাজিপুরের কালিয়াকৈর থেকে উদ্ধার করেছেন বাবুগঞ্জ থানা পুলিশ। এসময় মূল অপহরণকারী সোহাগ মিয়া (২৫) নামে একজনকে গ্রেফতার করা হয়।
গত বুধবার দিবাগত গভীর রাতে অভিযান পরিচালনা করে তাদের উদ্ধার ও গ্রেফতার করা হয়। নবাবগঞ্জ থানার ওসি অশোক কুমার চৌহান বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায় গত ১১ জুন রাতে উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের নয়ানী জামিরা গ্রামের তরিকুল ইসলাম তরির ছেলে সোহাগ মিয়া তার সহযোগীদের নিয়ে একই গ্রামের আবু তালেবের মেয়ে পলাশবাড়ী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী খুশিমনি আরফিনকে অপহরণ করে নিয়ে যায়।
এ ঘটনায় অপহৃত স্কুলছাত্রীর পিতা আবু তালেব বাদী হয়ে গত ২৯ জুন নবাবগঞ্জ থানায় অপহরণ ও সহায়তার অভিযোগে একটি মামলা দায়ের করেন।
ওই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আ: ছালাম গত বুধবার গভীর রাতে গাজিপুরের কালিকৈরে অভিযান পরিচালনা করে অপহৃতাকে উদ্ধারসহ অপহরণকারীকে গ্রেফতার করেন।
অপরদিকে ১৩ জুলাই রাতে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের দারিয়া গ্রামে মামার বাড়িতে বেড়াতে এসে এবারের এসএসসি পাশ করা এক ছাত্রী অপহরণ হয়েছে। এ ঘটনায় গত ১৫ জুলাই অপহরণ ও সহায়তার অভিযোগে অপহৃতার পিতা থানায় একটি মামলা দায়ের করেছেন।



