জামালপুরে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, কলেজ শিক্ষক, ব্যবসায়ী, পল্লী বিদ্যুৎ সমিতির গাড়িচালক, ৮০ বছর বয়স্ক এক বৃদ্ধ, আট বছর বয়সের শিশুসহ নতুন করে আরো ১৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এ তথ্য নিশ্চিত করেছে জামালপুর স্বাস্থ্য বিভাগ।
আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় আটজন, ইসলামপুর উপজেলায় দুজন, দেওয়ানগঞ্জ উপজেলায় দুজন, সরিষাবাড়ী উপজেলায় একজন ও সরিষাবাড়ী উপজেলায় একজন। নতুন আক্রান্তদের মধ্যে সাতজন পুরুষ, ছয়জন নারী ও এক শিশু রয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭৮২ জনে।
অন্যদিকে সর্বশেষ আটজনসহ সুস্থ হয়েছেন ৫৬৫ জন এবং করোনায় মৃত্যু হয়েছে ১১ জনের। করোনায় আক্রান্ত রোগীদের মধ্যে বর্তমানে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ১৭ জন ও হোম আইসোলেশনে ১৮৪ জন চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে জেলার মাদারগঞ্জ উপজেলায় বালিজুড়ি গ্রামের ৮০ বছর বয়স্ক এক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। কিন্তু বৃহস্পতিবার রাতে নমুনা পরীক্ষার প্রতিবেদন আসার আগেই তাকে সঙ্কটাপন্ন অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছে তার স্বজনরা। তাকে সেখান থেকে করোনা আইসোলেশন ইউনিটে স্থানান্তর করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন মাদারগঞ্জের ইউএইচএফপিও ডাক্তার সাইফুল ইসলাম।



