মাদারীপুরে রাজৈরে উজ্জ্বল শেখ (৪৫) নামের এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের ভোটঘর- হাসানকান্দি সড়কের জেলের পুকুরপাড় নামক স্থানের কিনাই হাওলাদারের পুকুরপাড় থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত উজ্জ্বল শেখ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ননিখির ইউনিয়নের মহিষতলী গ্রামের আমির শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে ওই এলাকার একটি পুকুরপাড়ে অজ্ঞাত যুবকের রক্তাক্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে সংবাদ দেন এলাকাবাসী। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের মাথায় গুলির চিহ্ন রয়েছে। তবে ডাকাতি করার সময় আন্তঃকোন্দলের জেরে গোলাগুলিতে উজ্জ্বল নিহত হতে পারে বলেও জানিয়েছে পুলিশ।
মাদারীপুরের রাজৈর থানার পরিদর্শক (তদন্ত) ও বর্তমানে ওসির দায়িত্বে থাকা আনোয়ার হোসেন বলেন, নিহত উজ্জ্বলের নামে মাদারীপুর, গোপালগঞ্জসহ বিভিন্ন জেলার একাধিক ডাকাতি ও অস্ত্র আইনে মামলা রয়েছে। নিহতের ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।