জামালপুরে নতুন করে আরো ১৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে পুলিশের দু’জন এসআই, একজন ব্র্যাককর্মী, ইউনিলিভার কম্পানির কর্মচারী একজন, পরিবার পরিকল্পনা অফিসের একজন কর্মচারী, একজন ব্যবসায়ী, একজন পোশাককর্মী, একজন অ্যাকাডেমিক সুপারভাইজার, সদ্য এসএসসি পাস ছাত্রী ও ৭০ থেকে ৮৫ বছর বয়সের করোনার ঝুঁকিপূর্ণ তিনজন বয়স্ক ব্যক্তিসহ সাধারণ পরিবারের সদস্য রয়েছেন। এর মধ্যে জেলার ইসলামপুর উপজেলায় নয়জন, সদর উপজেলায় ছয়জন, সরিষাবাড়ী উপজেলায় দুইজন, মেলান্দহ উপজেলায় একজন ও বকশীগঞ্জ উপজেলায় একজন। তাদের মধ্যে একই গ্রামে শনাক্ত হয়েছে সাতজন। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮২৪ জন।

অন্যদিকে সর্বশেষ ছয়জনসহ মোট সুস্থ হয়েছে ৫৯৬ জন এবং করোনায় মৃত্যু হয়েছে ১১ জনের। করোনায় আক্রান্ত রোগীদের মধ্যে বর্তমানে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ১৪ জন ও হোম আইসোলেশনে ১৯৮ জন চিকিৎসাধীন রয়েছে।

সোমবার (২০ জুলাই) বেলা সোয়া ১০টায় এসব তথ্য নিশ্চিত করেছে জামালপুর স্বাস্থ্য বিভাগ।

জানা গেছে, নতুন আক্রান্তদের মধ্যে ১১ জন পুরুষ, চারজন নারী, একজন কিশোরী ও তিন শিশু রয়েছেন। এদিকে জেলার ইসলামপুর উপজেলায় নতুন করে করোনায় আক্রান্ত নয়জনের মধ্যে ইসলামপুর পৌরসভার শুধুমাত্র গাঁওকুড়া গ্রামেই তিন শিশুসহ সাতজন, যাদের মধ্যে একই পরিবারের একজন গৃহিণী, তার দুই ছেলেশিশু ও শ্বশুর এবং আরেকটি পরিবারের মা ও ছয় বছরের ছেলে রয়েছে। এছাড়া ইসলামপুর ইউএনও অফিস চত্বর ও মৌজাল্লা গ্রামে একজন করে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছে।