যমুনা নদীর পানি ফের কমতে শুরু করলেও ব্রহ্মপুত্র নদের পানি অপরিবর্তিত রয়েছে। চরম দুর্ভোগ পোহাচ্ছে পানিবন্দী বন্যার্ত মানুষ। বন্যা দুর্গত এলাকায় খাবার, বিশুদ্ধ পানি ও গোখাদ্যের তীব্র সঙ্কট দেখা দিয়েছে। উচু স্থান, বাঁধ ও আশ্রয় কেন্দ্রে গৃহপালিত পশু নিয়ে অবস্থান করছে বন্যার্ত মানুষ।
সোমবার দুপুরে বাহাদুরাবাদ পয়েন্টে যমুনা নদীর পানি বিপদসীমার ৮৯ সেন্টিমিটার এবং ব্রহ্মপুত্রের পানি জামালপুরের পয়েন্টে বিপদসীমার দুই সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে।
এদিকে সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নের জামতলীতে ধলেশ্বরী-শশা খালের উপর নির্মিত ব্রীজটি বন্যার পানিতে ভেঙে গেছে। এতে জামতলী-তুলসীপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
সরকারি হিসেবে জামালপুরে বন্যায় পানিবন্দী নয় লাখ ৯৪ হাজার ৭০৭ জন বন্যার্ত মানুষ। এর মধ্যে ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা দুই লাখ ৪৮ হাজার ৬৩৪টি। ৩৮৬টি সম্পূর্ণ এবং ১৩ হাজার ৭৩৮টি আংশিক ঘরবাড়ি এবং চার হাজার ৫১৯টি নলকূপ ও পাঁচ হাজার ৩২ টি ল্যাট্টিন বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে।



