শেরপুরের নালিতাবাড়ীতে ভিজিএফের ১৬৩ বস্থা চালসহ ছাইদুল ইসলাম (৪৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে র্যাব-১৪।
বৃহস্পতিবার রাত ১০টায় র্যাব-১৪ অভিযান চালিয়ে পৌরসভার কাচারীপাড়া মহল্লায় ভিজিএফের ১৬৩ বস্থা চাল উদ্ধার করে গুদাম সিলগালা করে দেয়। আটককৃত ছাইদুল ইসলাম সিটপাড়া মহল্লার বাছির উদ্দিনের ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪ জামালপুর ইউনিটের এএসপি এমএম সবুজ রানার নেতৃত্বে পৌর শহরের উত্তর বাজার কাচারীপাড়ার একটি গুদামঘরে সংরক্ষিত থাকা সরকারি ভিজিএফের ১৬৩ বস্তা চাল উদ্ধার করা হয় এবং গুদাম ঘরটি সীলগালা করা হয়। এ সময় মো: ছাইদুল ইসলামকে (৪৮) র্যাব হাতেনাতে আটক করে। সাথে থাকা ইউনুছ আলী (৫৫) ও হাদিউল ইসলাম (৪৫) পালিয়ে যায়।
জানা গেছে, দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন ইউনিয়ন থেকে হতদরিদ্রদের ১০ টাকা কেজি দরের ও ভিজিএফের চাল ক্রয় করে আসছিলো। র্যাবের এএসপি এমএম সবুজ রানা বলেন, এখানে চাল উদ্ধার করা হয়েছে এবং স্পেশাল ট্রাবুনালে মামলা দেওয়া হবে।
নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান জানান, অভিযানে ১ জনকে আটক করে গুদামঘরটি সীলগালা করা হয়েছে।



