প্রবল স্রোতে ও ঢেউয়ের আঘাতে আরিচা ঘাটের অদুরে যমুনায় শুক্রবার সকালে কোরবানির পশু বোঝাই ট্রলার ডুবিতে এক ব্যবসায়ীসহ ৩৬টি গরু নিখোঁজ রয়েছে। স্থানীদের সহায়তায় মাঝি-মাল্লা, খামারী ও রাখালরা সাঁতরে প্রাণে বাঁচলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত ডুবে যাওয়া ট্রলার ও গরু উদ্ধার করা সম্ভব হয়নি। জানা গেছে, পাবনার নগরবাড়ী ঘাটের এনামূল ট্রান্সপোর্টের মাধ্যমে ৪০টি গরু বোঝাই ট্রলার আরিচা সাপ্তাহিক হাটের উদ্দেশ্যে ছেড়ে আসে। সকাল পৌণে ৯টার দিকে ট্রলারটি আরিচা ঘাট বরাবর পৌঁছালে প্রবল স্রোতে, ঢেউ ও ঘূর্ণিপাতে পড়ে মুহুর্তেই তলিয়ে যায়। ট্রলার ডুবিতে উদ্ধার হওয়া সাথিয়া উপজেলার মানপুর গ্রামের গরু ব্যবসায়ী রহম আলী সাংবাদিকদের বলেন, ট্রলারে ৪০টি গরু ও মাঝি-মাল্লাসহ ২৮ জন ছিলাম।

স্থানীয়দের সহায়তায় মাত্র ৪টি গরুসহ আমরা প্রাণে রক্ষা পেলেও রজ্জব আলী (৫৫) নামে অপর ব্যবসায়ী নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ব্যবসায়ীর বাড়ি সাথিয়া উপজেলার বনগ্রামে। প্রাণে রক্ষা পাওয়া অপর ব্যবসায়ী কাশিনাথপুরের ঝড় শেখ জানান, কোরবানির জন্য অতিযত্নে পালন করা প্রতিটি গরু এক থেকে দেড় লাখ টাকায় বিক্রি হত। এ সব গরু মারা যাওয়ায় আমাদের অনেকেই পথে বসবে। আরিচা স্থল কাম পাটুরিয়া নৌ বন্দর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মজিবুর রহমান সাংবাদিকদের জানান, কোরবানির পশু বোঝাই এ নৌকা ডুবির খবর পাওয়া মাত্র আমরা উদ্ধার কাজে অংশ নেই। স্রোতে ও ঢেউয়ের কারণে উদ্ধার তৎপরতা বিঘ্নিত ঘটে। নৌকা ও গরুর সন্ধান মেলেনি।