আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য ও ফেনী ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের বাবা পরশুরাম উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা সালেহ উদ্দিন আহমেদ চৌধুরী আর নেই। রোববার বিকাল ৫টা ১০ মিনিটে রাজধানীর বনানীর বাড়িতে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

মেঝ ছেলে জালাল উদ্দিন চৌধুরী পাপ্পু জানান, রোববার রাত সাড়ে ৮টায় গুলশান সোসাইটি মসজিদ প্রাঙ্গণে প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। সোমবার সকাল ১০টায় গ্রামের বাড়ি পরশুরাম পৌরসভার গুথুমায় দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

নিজাম হাজারীর শোক : বীর মুক্তিযোদ্ধা সালেহ উদ্দিন আহমেদ চৌধুরীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ফেনী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফেনী সদর আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী। জেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক এ.কে শহীদ উল্যাহ খোন্দকার স্বাক্ষরিত এক বিবৃতিতে নিজাম উদ্দিন হাজারী বলেছেন, ‘মুক্তিযুদ্ধ ও সমাজ সেবায় মরহুম সালেহ উদ্দিন আহমেদ চৌধুরীর উল্লেখযোগ্য অবদানের কথা ফেনী বাসী আজীবন স্মরণ করবে। তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন ও তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।’

ফেনী ইউনিভার্সিটি উপাচার্যের শোক : ফেনী ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ও সদস্য জালালউদ্দিন আহমেদ চৌধুরী পাপ্পুর পিতা বীর মুক্তিযোদ্ধা সালেহউদ্দিন আহমেদ চৌধুরী (আবু মিয়া চৌধুরী) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ফেনী ইউনিভার্সিটি পরিবার। এক শোক বার্তায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. সাইফুদ্দিন শাহ মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

প্রসঙ্গত; আলাউদ্দিন আহম্মেদ চৌধুরীর বাবা-মায়ের নামে পরিচালিত সালেহ উদ্দিন আহম্মেদ ও হোসনে আরা চৌধুরী ফাউন্ডেশন ইতিমধ্যে জেলার সমাজসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। সম্প্রতি ফাউন্ডেশনের উদ্যোগে ফেনী ডায়াবেটিক হাসপাতালে আইসিইউ স্থাপন, ফেনী জেনারেল হাসপাতালে হাই-ফ্লো অক্সিজেন সেবা নিশ্চিতে ১০টি ম্যানিফোল্ড অক্সিজেন সিলিন্ডার, দুটি হাই-ফ্লো অক্সিজেন ন্যাজাল ক্যানুলা, ৪০টি অক্সি-মিটার সরবরাহ করা হয়।