স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের সচিব মো: আব্দুল মান্নান বলেছেন, ‘প্রতিদিন রোগীদেরকে আন্তরিকতার সাথে সেবা দিতে হবে। মনে রাখতে হবে অসুস্থ মানুষটি আপনার নিকট আত্মীয়। সেভাবেই সেবা দিয়ে মানুষের পাশে থাকতে হবে।’
শনিবার বিকেলে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে এক মতবিনিময় সভায় তরুণ চিকিৎসকদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তৃতায় স্বাস্থ্য সচিব এসব কথা বলেন।
সভায় বক্তারা কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালকে একশ’ শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীত করার দাবি জানালে স্বাস্থ্য সচিব বলেন, স্থানীয় সংসদ সদস্যের একটি ডিও লেটার মন্ত্রণালয়ে পাঠানো হলে দ্রুত কাজটি করা সম্ভব হবে।
মতবিনিময় সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: তানভীর হাসানের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন পরিচালক এমআইএস ডা: হাবিবুর রহমান, কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা: মজিবুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা: মুশতাকুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব আইন উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: আকতারুন নেছা, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ এম এ জলিল প্রমুখ।



