কক্সবাজারের খরুলিয়া ঘাটপাড়া এলাকায় এক ইয়াবা কারবারির টাকা একদল যুবক ছিনিয়ে নেয়ার চেষ্টার ঘটনাকে কেন্দ্র করে গণপিটুনির শিকার সন্দেহজনক ওই ইয়াবা কারবারি চিকিৎসার অভাবে থানা হেফাজতে মারা যাওয়ার ঘটনায় সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) শাহজাহান কবিরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো: ইকবাল হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন। মারা যাওয়া নবী হোসেন (৩৮) সদরের বাংলাবাজার পশ্চিম মুক্তারকুল এলাকার মৃত আবদুস শক্কুরের ছেলে। প্রাপ্ত তথ্য মতে, গত সোমবার দুপুরে খরুলিয়া বাজারসংলগ্ন ঘাটপাড়া এলাকায় ওই নবী হোসেনের কাছ থেকে একদল যুবক টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় ওই যুবকরা তাকে আটক করে স্থানীয় এনাম সওদাগরের দোকানে নিয়ে আসে। এ সময় সেখানে সে হঠাৎ একটি ছুরি নিয়ে উপস্থিত সবাইকে ভয় দেখিয়ে বেরিয়ে যায় এবং পরে এক টমটম চালককে ছুরিকাঘাত করে ফেলে দিয়ে ওই টমটমের চালকের আসনে বসে টমটম চালিয়ে খরুলিয়া বাজার থেকে পশ্চিম দিকে পালাতে থাকে। এ সময় তার ধারালো অস্ত্রের আঘাতে টমটমচালক সাহাব উদ্দিনসহ কয়েকজন আহত হন। পরে তাকে ধাওয়া করে ধরে গণধোলাই দেয় উত্তেজিত জনতা। এ সময় তার শরীর তল্লাশি করে ধারালো অস্ত্র, এক লাখ ২৮ হাজার ৪০ টাকা টাকা ও ১৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতান জানান, স্থানীয়রা সদর থানায় খবর দিলে এসআই অঞ্জনের নেতৃত্বে পুলিশের একটি টিম ওই ইয়াবা কারবারি উদ্ধার করে নিয়ে যান। তখন তিনি সুস্থ ছিলেন বলে জেনেছি। কক্সবাজার সদর থানা পুলিশের ওসি (তদন্ত) খায়রুজ্জামান বলেন, এক ইয়াবা কারবারিকে গণধোলাই দিয়ে আটক করে রাখার খবর পেয়ে পুলিশ তাকে আহত অবস্থায় উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নিয়ে আসে। সকালে তিনি অসুস্থবোধ করলে সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ দিকে এ ঘটনায় কক্সবাজার সদর থানার ওসি সৈয়দ মো: শাহজাহান কবিরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো: ইকবাল হোসাইন। তাকে চট্টগ্রাম রেঞ্জে সংযুক্ত করা হয়েছে। পুলিশ সদর দফতরও এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।