কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজন পুরুষের মৃত্যু এবং নতুন করে দু’জন করোনা মুক্ত হয়েছেন। বুধবার দুপুরে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে এ তথ্য জানা গেছে।
কটিয়াদী পৌরসভার কাহেতেরটেকি গ্রামের মোঃ বেলায়েত হোসেন (৬৯) নামে ওই ব্যক্তি করোনা আক্রান্ত হয়ে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এর আগে গত ১৪ আগষ্টে পাঠানো নমুনায় ওই ব্যক্তি করোনা পজেটিভ শনাক্ত হয়েছিলেন। এ নিয়ে উপজেলার দু’জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন। তাছাড়া কটিয়াদী উপজেলায় এ পর্যন্ত সর্বমোট ১৩৪ জন করোনা আক্রান্ত হয়েছেন।
এদিকে কটিয়াদী উপজেলার আতিক আহমেদ (৩২) ও অমর দীপ (৩০) নামে দুই ব্যক্তিসহ মোট ১১৮ জন করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে উপজেলায় ১৪ জন আক্রান্ত ব্যক্তি চিকিৎসাধীন রয়েছেন।



