শিক্ষাদীক্ষা, পেশার সততায় সাংবাদিক আবদুল মোনায়েম খান সংবাদপত্র জগতের একজন অনুকরণীয় ব্যক্তিত্ব ছিলেন। একজন আদর্শ মানুষ ও সংবাদকর্মীর যতগুলো গুণ থাকা দরকার তার সবই ছিল। করোনায় তার হঠাৎ মৃত্যু কক্সবাজার সংবাদপত্র শিল্পে বিরাট শূন্যতার সৃষ্টি করেছে এবং এটি সহজেই পূরণ হবে না। সাংবাদিক আবদুল মোনায়েম খান স্মরণে আয়োজিত সভায় বক্তারা উপরি উক্ত অভিমত ব্যক্ত করে বলেন, করোনায় আক্রান্ত হয়ে একটি আইসিইউ বেড না পেয়ে এরকম একজন খ্যাতিমান সাংবাদিকের মৃত্যু কিছুতেই মেনে নেয়া যায় না।
কক্সবাজার নজরুল-আব্বাসউদ্দীন সেন্টার কর্তৃক বৃহস্পতিবার রাতে অনলাইন প্লাটফর্মে আয়োজিত এই স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমীন গাজী। নজরুল-আব্বাসউদ্দীন সেন্টারের সভাপতি অ্যাডভোকেট রজিম আহমদের সভাপতিত্বে ও সেন্টারের নির্বাহী পরিচালক জি এ এম আশেক উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত এই স্মরণসভায় মোনায়েমের জীবন ও কর্ম নিয়ে আলোচনায় অংশ নেন নজরুল গবেষক কবি আবদুল হাই শিকদার প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডা: জি এম কাদেরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. হাসমত আলী, বিএফইউজের সিনিয়র সহসভাপতি নুরুল আমীন রুকন, মহাসচিব এম আবদুল্লাহ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সিনিয়র রিপোর্টার সৈয়দ আলী আসফার, কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, কক্সবাজার সাহিত্য একাডেমির সভাপতি মুহম্মদ নুরুল ইসলাম, দৈনিক ইনকিলাবের বিশেষ সংবাদদাতা শামসুল হক শারেক, দৈনিক ইনকিলাবের জেলা সংবাদদাতা জাকের উল্লাহ চকোরী, দৈনিক হিমছড়ি সম্পাদক হাসানুর রশীদ, নজরুল আব্বাসউদ্দীন সেন্টারের পরিচালক হুমায়ুন সিকদার, অধ্যাপক ফরিদুল আলম, সাংবাদিক মোনায়েম খানের ছোট ভাই আবদুল বাসেত খান, মোনায়েম খানের একমাত্র মেয়ে আফ্রা নাওয়ার, কক্সবাজার সাহিত্য একাডেমির সাধারণ সম্পাদক কবি রুহুল কাদের বাবুল, বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট কল্যাণ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসিম, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ফেরদাউস, ছড়াকার জহিরুল ইসলাম, রামু লেখক ফোরামের সভাপতি হাফেজ আবুল মনজুর প্রমুখ।
সাংবাদিক মোনায়েম খান মৃত্যুর আগে ডেইলি ফিন্যান্সিয়াল এক্সপ্রেস পত্রিকায় কর্মরত ছিলেন। এ ছাড়া তিনি ডেইলি স্টার, ডেইলি সান কক্সবাজার জেলা প্রতিনিধি এবং দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি, কক্সবাজার বেতার কেন্দ্রের বার্তা সম্পাদক এবং কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক কক্সবাজার, হিমছড়ি, বাঁকখালী, দৈনিক দৈনন্দিন পত্রিকায় কর্মরত ছিলেন। মোনায়েম খান কক্সবাজার শহরের তারাবনিয়ারছড়া কবরস্থান রোডের মরহুম বদিউল আলম কানুনগো এর জ্যেষ্ঠ ছেলে। তিনি গত ৭ জুন করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন।