জমির মৌজাদর সেকেলে অবস্থা থেকে যুগপোযোগী করার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন ৫০ হাজার সমবায়ী জনগোষ্ঠী। গত বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে প্রেরিত এক স্মারকলিপিতে দাবি করা হয় যে, কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতি গঠনের মাধ্যমে ১৯২৯ সাল থেকে বর্তমানে প্রায় ৫০ হাজার সমবায়ী মানুষ বসবাস করে আসছে। ওই এলাকায় সমবায়ীদের দখলে থাকা প্রতি একর ভূসম্পত্তি স্থানীয়ভাবে সর্বোচ্চ ৪ কোটি টাকায় হস্তান্তর হলেও প্রতি একর জমির মৌজারেট এখনো ২০ টাকায় রয়ে গেছে। চকরিয়া সাব-রেজিস্ট্রি কার্যালয় দীর্ঘদিন ধরে এই মৌজারেট হালনাগাদ না করায় এসব সমবায়ী জনগোষ্ঠী বিশাল ক্ষতির সম্মুখিন হয়ে পড়েছেন। বর্তমানে বদরখালী এলাকা দিয়ে মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রে যাতায়াতের জন্য সড়ক ও অন্যান্য কাজে জমি অধিগ্রহণ প্রক্রিয়া চলমান রয়েছে। মৌজারেট হালনাগাদ না করলে এসব মানুষ বিরাট অঙ্কের আর্থিক ক্ষতির পাশাপাশি চিরতরে ভূমিহীন জনগোষ্ঠীতে পরিণত হবেন। কক্সবাজার জেলা প্রশাসক মো: কামাল হোসেনের হাতে স্মারকলিপি হস্তান্তর করেন সমিতির সহসভাপতি মোহাম্মদ আলী কাজল, সমিতির সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোছাইন। এ সময় উপস্থিত ছিলেন, সমিতির পরিচালক মোহাম্মদ ইছহাক, আবুল হাসনাত মোহাম্মদ পারভেজ মামুন, সমিতির সভ্য আকতার কামাল। সমিতির সহসভাপতি মোহাম্মদ আলী কাজল জানান, ‘জমির প্রকৃত মূল্য বঞ্চিত হাজার হাজার মানুষের মধ্যে বর্তমানে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ২০১৯ সালে সমিতির পক্ষ থেকে মৌজারেট হালনাগাদ করার জন্য কক্সবাজার জেলা প্রশাসক ও জেলা রেজিস্ট্রার বরাবর আমরা আবেদন করেছিলাম। কোনো প্রতিকার না পাওয়ায় ২০১৯ সালের ৮ জুলাই উচ্চ আদালতে রিট দায়ের করা হলে বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলী আবেদন বিবেচনায় নিয়ে এক মাসের মধ্যে জমির মূল্য নির্ধারণ করার জন্য কক্সবাজার জেলা প্রশাসককে আদেশ দেন কিন্তু অদৃশ্য কারণে এই আদেশ এখনো বাস্তবায়িত হয়নি। তাই আমরা এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।’
বদরখালী জমির মৌজারেট হালনাগাদ আদেশ বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি
জমির মৌজাদর সেকেলে অবস্থা থেকে যুগপোযোগী করার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন ৫০ হাজার সমবায়ী জনগোষ্ঠী। গত বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে প্রেরিত...



