এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে প্রধানমন্ত্রীর এমন নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই)-এর বিজ্ঞানীরা। গতকাল বিএআরআই-এর কাজী বদরুদ্দোজা অডিটোরিয়ামে এফএসআরডি-পিবিআরজি উপ-প্রকল্পের এক প্রশিক্ষণ কর্মশালায় প্রতিষ্ঠানটির মহাপরিচালক ড. মো: নাজিরুল ইসলাম এ কথা বলেন। ইতোমধ্যে এ প্রকল্পের আওতায় সমভূমি, চরাঞ্চল ও উপকূলীয় অঞ্চলে সমন্বিত উন্নত কৃষি প্রযুক্তি ব্যবহার করে ব্যাপক সাফল্য অর্জিত হওয়ায় সংশ্লিষ্ট কৃষি বিজ্ঞানীদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে বৈজ্ঞানিকরা যেভাবে আন্তরিকতার সাথে নিরসলভাবে কাজ করছেন তাতে গ্রামীণ অর্থনীতির প্রাণশক্তি কৃষি আরো এগিয়ে যাবে। দেশের সার্বিক জীবনযাত্রার মান পাল্টে যাবে। খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত হবে। তিনি বলেন, জলবায়ুর বৈরী আচরণ ও চলমান বৈশ্বিক মহামারী করোনাকালেও আমরা বসে নেই। আমাদের কর্মবীর কৃষকদের সহযোগিতায় খেয়ালি আবহাওয়া ও জলবায়ুর ধাক্কা মোকাবেলা করে আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে ইনশা আল্লাহ।