বরিশালের আগৈলঝাড়ায় এক স্কুলছাত্রীকে যৌন হয়রানির মামলায় ইমরান ফকির নামে এক বখাটেকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল গ্রামের প্রবাসী এক ব্যক্তির স্কুল পড়ুয়া মেয়েকে স্কুলে আসা যাওয়ার পথে দীর্ঘদিন ধরে যৌন হয়রানি করে আসছিল একই এলাকার জইনদ্দিন ফকিরের বখাটে ছেলে ইমরান ফকির। যৌন হয়রানির কারণে ওই স্কুলছাত্রীর লেখা-পড়া বন্ধের পথে। ইমরানকে যৌন হয়রানি থেকে বিরত থাকার জন্য তার পরিবারের কাছে অভিযোগ দিয়েও কোনো কাজ হয়নি, বরং তার যৌন হয়রানির মাত্রা আরো বেড়ে যায়।
এ ঘটনায় বৃহস্পতিবার সকালে ওই স্কুলছাত্রীর মা শিউলী বেগম থানায় যৌন হয়রানির অভিযোগে মামলা দায়ের করেন, যার নং-১৫(২৭-৮-২০২০)। তার পরই এসআই শাহাবুদ্দিন বখাটে ইমরান ফকিরকে গ্রেফতার করেন। পরে তাকে বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।



